গোলাম রব্বানী শিপন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, শিক্ষার্থীদের ফলজ ও বনজ গাছ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের ব্যবহারের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে থাকা মানুষদের সহায়তা করা এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হুইল চেয়ার দেওয়ার মাধ্যমে তাদের চলাচলে সহযোগিতা করা হচ্ছে। একইভাবে শিক্ষার্থীদের বাইসাইকেল তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করার পাশাপাশি পড়াশোনায় উৎসাহিত করবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সচেতন হতে হবে। এ কারণে তাদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থীই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















