বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হিজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও অসদাচরণের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষিকা মাহমুদা নূরজাহানের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন।
লিখিত অভিযোগে প্রধান শিক্ষক দাবি করেন, প্রায় দেড় বছর আগে বিদ্যালয়ে যোগদানের পর থেকে ওই শিক্ষিকার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়। দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তাকে পরামর্শ দেওয়া হলে তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা চলাকালে একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ওই সহকারী শিক্ষিকা প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি টেবিলে থাকা পানির গ্লাস ও অন্যান্য জিনিসপত্র ছুড়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অফিস কক্ষে থাকা সহকারী শিক্ষক জাহানারা বেগম, শাহ আলম, আসাদুজ্জামান ও রাহাদ চৌধুরী এগিয়ে এলে তাদের সঙ্গেও ওই শিক্ষিকা অসদাচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর প্রাথমিক শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষিকা এর আগে যেসব বিদ্যালয়ে কর্মরত ছিলেন, সেখানেও সহকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির অভিযোগ ছিল বলে স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষিকার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
Reporter Name 


















