স্টাফ রিপোর্টার, সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত অভিযানে ১০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও চার পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানার একটি অভিযানিক দল উপজেলার ফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. নাছিম হোসেন (২৬)কে আটক করা হয়। তিনি কাটাখালী মধ্যপাড়া এলাকার মৃত ইংরেজ আলী প্রামাণিকের ছেলে।
এ ছাড়া অভিযানে ৩টি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী রাজিব কুমার সাহা, বাগবেড় এলাকার শ্রী বলাই চন্দ্র সাহার ছেলে; জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নয়ন ইসলাম (২১), হরিণা মণ্ডলপাড়া এলাকার মোস্তাফিজার রহমান মোস্তা মণ্ডলের ছেলে; সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল (২৩), শাহজালাল বাজার এলাকার হানিফ শেখের ছেলে এবং মো. স্বপন খাঁ (২৫), নওগাঁপাড়া (জামথল) এলাকার মো. কালাম খাঁর ছেলেকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক নাছিম হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। ওই মামলাগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
অভিযানের পর আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে পাঁচজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Reporter Name 


















