এই আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমান প্রতিনিধিঃ প্রেমে ব্যর্থ হয়ে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিতে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক তরুণ। ভালোবাসার সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রতীকী প্রকাশ হিসেবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন তারিকুল ইসলাম (২৫) নামের ওই যুবক।
তারিকুল ইসলাম ক্ষেতলাল উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুলকে সেখানে দুধ দিয়ে গোসল করতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে ঘটনাটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তারিকুল বিলের ঘাট এলাকায় এসে দুধ দিয়ে গোসল করেন। এ সময় তিনি জানান, প্রেম-ভালোবাসার সম্পর্কের কারণে জীবনে নানা হতাশা ও কষ্টের মুখোমুখি হয়েছেন। তাই ওই সম্পর্ক থেকে বেরিয়ে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
তারিকুল ইসলাম বলেন, তিনি একসময় একজনকে ভালোবেসেছিলেন। কিন্তু সেই সম্পর্ক তাঁকে অনেক কষ্ট ও হতাশার মধ্যে ফেলেছে। দীর্ঘদিনের সেই কষ্ট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুধ দিয়ে গোসল করাকে তিনি সেই সম্পর্কের প্রতীকী সমাপ্তি হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, “আমি একজনকে ভালোবেসেছিলাম। সেই সম্পর্কের কারণে অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে ওই ভালোবাসা থেকে সরে আসছি। আর সেই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।”
তারিকুলের এই ব্যতিক্রমী উদ্যোগ মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়। ঘটনাটি দেখতে আসা অনেকেই মোবাইল ফোনে দৃশ্য ধারণ করেন।
Reporter Name 


















