এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন বগুড়ার আদমদীঘি থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া। থানায় যোগদানের পর তিনি মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়েছেন।
ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, কোনো ধরনের অপরাধকে ছাড় দেওয়া হবে না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর থাকবে।
পুলিশের এ ধরনের কঠোর অবস্থান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে মাদকবিরোধী কার্যক্রম সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
স্থানীয়দের মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব আচরণ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থাও আরও বাড়বে।
আদমদীঘি থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 


















