স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলা পৌরসভায় যানজট নিরসন ও সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সরেজমিনে মাঠে নেমেছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। পৌর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও মোড় পরিদর্শনের অংশ হিসেবে তিনি মাদ্রাসা মোড় ও রেলগেট এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মাদ্রাসা মোড়ের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পৌর প্রশাসক। এ সময় তিনি বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলেন এবং সড়কের ওপর যেখানে-সেখানে গাড়ি না রাখার জন্য সতর্ক করেন। একই সঙ্গে রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যান চলাচলে বাধা সৃষ্টি হয়—এমনভাবে দোকানের মালামাল বা অন্যান্য সামগ্রী না রাখার নির্দেশনা দেন।
পৌর প্রশাসক জুয়েল মিয়া বলেন, মাদ্রাসা মোড়ে সাম্প্রতিক সময়ে যানজট বেড়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। মাদ্রাসা মোড় ও রেলগেট এলাকার যানজট নিয়ন্ত্রণে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিতভাবে কাজ করছেন।
তিনি জানান, যানজট স্থায়ীভাবে কমাতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে অল্প সময়ের মধ্যেই মাদ্রাসা মোড় ও রেলগেট এলাকায় যান চলাচল আরও স্বাভাবিক ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।
জুয়েল মিয়া আরও বলেন, প্রথম পর্যায়ে চালক ও সংশ্লিষ্টদের সচেতন করার মাধ্যমে যানজট নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও অটোভ্যান, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চালকরা নিয়ম অমান্য করে সড়কের ওপর যত্রতত্র গাড়ি রাখলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় গণমাধ্যমকর্মী ছাড়াও সোনাতলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















