ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ইট দিয়ে মাথায় আঘাত করার ঘটনায় মোছা. খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শামসুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাতুন ওই গ্রামের মৃত দবির ফকিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার বিকেলে প্রতিবেশী শামসুল ইসলামের সঙ্গে বৃদ্ধা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামসুল ইসলাম ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল আনুমানিক ৫টার দিকে দুপচাঁচিয়া থানার চৌমুহনী এলাকায় তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের উদ্যোগ নেয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত শামসুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম আব্দুর রাজ্জাক 


















