স্টাফ রিপোর্টার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ সৈকত চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাকসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সোনাতলার রাস্তাঘাট, সেতুসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ পর্যায়ক্রমে শুরু হয়েছে এবং এসব উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বাদ্যযন্ত্রের পাশাপাশি সুসজ্জিত ঘোড়ার গাড়ি ছিল। ব্যতিক্রমী এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
র্যালিটি সোনাতলা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 


















