ভ্রাম্যমাণ প্রতিনিধি: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাল ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলের আশপাশের ময়লা অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিনসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ মানুষের স্বাস্থ্যের জন্য নানা ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি স্থানীয় বাসিন্দাদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশবান্ধব আদমদীঘি সদর ইউনিয়ন গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
এম আব্দুর রাজ্জাক 


















