স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলায় অবৈধভাবে বালু উত্তোলন ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি কনফেকশনারি দোকানকেও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে উপজেলার কুমিরখাকী বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আদালতের নজরে আসে।
এ সময় কানুপুর গ্রামের মোজাহার আলীর ছেলে মো. সোহাগ মিয়া (৪০)কে বালু উত্তোলন করতে দেখা যায়। আদালতের সামনে অপরাধ সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ পড়ে শোনানোর পর সোহাগ মিয়া নিজের অপরাধ স্বীকার করেন। পরে আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়।
এদিকে উপজেলার বালুয়াহাটে পৃথক অভিযানে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে মেসার্স সাজু ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে একটি কনফেকশনারি দোকানিকে আরও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের পাশাপাশি মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযানও চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে—এমন তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
Reporter Name 


















