ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়িবহর। কিচক ব্রিজের কাছে পৌঁছালে ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয় এবং পরে সড়কের পাশের নিচু জায়গায় নেমে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীও পায়ে আঘাত পান। তার সঙ্গে গাড়িতে স্ত্রী, চালক ও গানম্যান মুক্তারুল ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে, গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালের অর্থোপেডিক্স ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফিরোজা বেগমের ভাতিজা মো. জাকির জানান, সকালে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় তার চাচি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
এম আব্দুর রাজ্জাক 


















