ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির এবং তালসন কেন্দ্রীয় কালীমন্দির থেকে পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দুটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এছাড়া সান্তাহার পৌর শহরের রথবাড়ী রাধামাধব মন্দির, রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগেও পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা এবং সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাদল মৈত্র, উদয় সরকার, সুভাষ ঘোষ, নিতিশ পাল ও সুশিল ঘোষ, পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকার, ঐক্য ফ্রন্ট নেতা কানাই প্রামাণিক, সান্তাহার ঐক্য ফ্রন্টের সভাপতি রাকেশ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার, রাজ কুমার সাহা মিন্টু, উত্তম ঘোষ, মদন সরকার, লক্ষণ সরকার, অরুণ সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র ও জগাই কুণ্ডুসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও কীর্তনের মাধ্যমে ভক্তরা দিনটি পালন করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এম আব্দুর রাজ্জাক 


















