স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত অভিযানে ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে সারিয়াকান্দি থানার একটি অভিযানিক দল সদর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. খোরশেদ আলম (৩৫) ও মো. তানভীর (২৮) নামে দুইজনকে আটক করা হয়।
আটক খোরশেদ আলম সারিয়াকান্দির দিঘলকান্দি তরফদারপাড়া এলাকার মৃত ইসরাইল হোসেনের ছেলে। অপর ব্যক্তি তানভীর একই উপজেলার দিঘলকান্দি মধ্যপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
পুলিশ আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অপরাধ ও অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এলাকাভিত্তিক সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও পুলিশ আশ্বস্ত করেছে।
Reporter Name 


















