বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মালেক নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং গ্রেপ্তার হওয়া রোগীর স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বগুড়া মহানগরের বিসিক এলাকার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযোগ করেন, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেকের যথাযথ চিকিৎসা হয়নি। তাদের দাবি, চিকিৎসায় অবহেলা ও ভুলের কারণেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে উল্টো নিহতের স্বজনদের বিরুদ্ধে অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বলেও তারা দাবি করেন।
বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি গ্রেপ্তার হওয়া নির্দোষ স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।
পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। কর্মসূচিতে স্থানীয় পুরুষদের পাশাপাশি বিপুলসংখ্যক নারীও অংশ নেন।
Reporter Name 


















