ভ্রাম্যমাণ প্রতিনিধি: এসএসসি-২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের উৎসাহিত করতে নওগাঁয় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি রাজশাহী রেঞ্জের সহধর্মিণী এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আশিক সাঈদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো করার জন্য তিনি শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
বিশেষ অতিথি মিসেস শামীম আরা হক কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের সাফল্যের জন্য অভিভাবকদেরও অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
এ সময় কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এম আব্দুর রাজ্জাক 


















