ভ্রাম্যমাণ প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ নওগাঁ জেলা সফর করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) তাঁর এ সফর অনুষ্ঠিত হয়।
নওগাঁয় পৌঁছানোর পর ডিআইজি মো. আশিক সাঈদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। একই সময়ে ডিআইজির সহধর্মিণী এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হককে পুনাক নওগাঁর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের নিয়ে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্ব দেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি বলেন, পুলিশ সদস্যদের আচরণ ও জনগণকে দেওয়া সেবার মানের ওপরই পুলিশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। তাই সাধারণ মানুষের সঙ্গে মানবিক, আন্তরিক ও দায়িত্বশীল আচরণের পাশাপাশি দ্রুত এবং যথাযথ সেবা নিশ্চিত করতে হবে।
বিশেষ কল্যাণ সভার একপর্যায়ে চাকরি থেকে অবসর নেওয়া পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। তাঁদের দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীলতা ও জনসেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এম আব্দুর রাজ্জাক 


















