সুলতান আহম্মেদ, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সালাউদ্দিন হত্যা মামলায় বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের আসামি করে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ।
লিখিত বক্তব্যে তিনি জানান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২১ জুন বোনারপাড়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। ওই ঘটনায় সাইফুল্লাহ বারী নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় সালাউদ্দিন নামে আরেক যুবক গুরুতর আহত হন।
ঘটনাটিকে কেন্দ্র করে ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গুরুতর আহত সালাউদ্দিনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
সেলিম আহমেদ তুলিপের অভিযোগ, সালাউদ্দিনের মৃত্যুর পর তার বড় ভাই সাদেকুর রহমান নতুন করে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, ব্যক্তিগত বিরোধ ও আর্থিক স্বার্থের কারণে নিরপরাধ নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে।
তিনি বলেন, বিএনপি কোনো অন্যায় বা অপরাধকে সমর্থন করে না। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার কারণে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল ও মোস্তাক আহমেদ মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















