সোনাতলা সংবাদ ডেস্কঃ ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত অস্ত্রের অধিকাংশ এখনও উদ্ধার হয়নি। ওইদিন সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় অস্ত্রাগারের তালা ভেঙে ৩৯টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট করা হয়। একই সঙ্গে লুট হয় বিপুল পরিমাণ গুলি ও কার্তুজ।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও এখনও বেশ কিছু অস্ত্রের সন্ধান মেলেনি। এসব অবশিষ্ট অস্ত্র উদ্ধারে জনসাধারণের সহযোগিতা চেয়েছে র্যাব।
সিপিএসসি বগুড়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র সম্পর্কে সঠিক তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, লুট হওয়া একটি পিস্তল উদ্ধারে সহায়ক তথ্য দিলে ৫০ হাজার টাকা, প্রতিটি শর্টগানের জন্য ১ লাখ টাকা এবং প্রতিটি এসএমজি উদ্ধারে সহায়তা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় হামলার সময় বিপুলসংখ্যক সরকারি অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় র্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে লুট হওয়া অস্ত্রের সন্ধানে তথ্যদাতাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বগুড়া সদর থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা গোপনে র্যাব-১২ বগুড়া ক্যাম্পে জানানো যেতে পারে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তথ্য দিতে যোগাযোগ করা যাবে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ০১৭৭৭৭১১২৫৫ ও ০১৭৭৭৭১১২৭৩ নম্বরে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে মোট ৩৯টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু অস্ত্র উদ্ধার করলেও এখনও অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
Reporter Name 


















