ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়ায় মাটিডালী বিমান মোড়ের সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো. মোকছেদুল হাসানকে লক্ষ্য করে ফাঁকা গুলি ও হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১২। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বগুড়া মহানগরের মাটিডালী উত্তরপাড়া এলাকায় একটি মোটরসাইকেল দোকানের সামনে বসেছিলেন মোকছেদুল হাসান। এ সময় পূর্ববিরোধের জেরে একটি হাইস গাড়ি ও মোটরসাইকেলযোগে একদল ব্যক্তি সেখানে আসে।
অভিযোগ অনুযায়ী, তাদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং অন্যদের হাতে লাঠি ও দেশীয় অস্ত্র ছিল। ঘটনাস্থলে পৌঁছে তারা আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে মোকছেদুল হাসানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
হামলায় তার বাম কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিএনজিযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি ৬ সেপ্টেম্বর দায়ের করা হয়। এতে দ্রুত বিচার আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব-১২ আরও জানায়, মামলার আসামিদের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বোটক্লাব এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সিজার শেখ (২৫) এবং তদন্তে সংশ্লিষ্ট আসামি মো. মহরম ওরফে ক্যাইলা মহরম ওরফে সজীবকে (৩৪) গ্রেফতার করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা সন্দেহভাজন আরও তিনজন—মো. রুবাই (২২), মো. আশিকুর রহমান আকাশ (৩১) ও মো. আবু জিহাদ (২৮)—কে আটক করা হয়।
পরে গ্রেফতার ও আটক পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এম আব্দুর রাজ্জাক 


















