সোনাতলা সংবাদ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে যেসব প্রার্থী আইন অনুযায়ী বৈধ হিসেবে বিবেচিত হবেন, তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এখানে তো দলীয় নির্বাচন হচ্ছে না। এখানে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। দলীয় প্রতীকও থাকছে না। কাজেই আওয়ামী লীগের কেউ প্রার্থী হলেও সমস্যা নেই।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে না। এ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হয়ে আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার সুযোগ নেই এবং দলীয় প্রতীকও ব্যবহার করা হবে না। ফলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি প্রার্থী হলেও শুধুমাত্র সেই পরিচয়ের কারণে তার প্রার্থিতা বাধাগ্রস্ত হবে না।
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা খাতে সহযোগিতা ও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি জ্বালানি খাতেও দেশটি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
এ সময় বাংলাদেশের অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তকেও স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করা যায়, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতার পরিধি আরও বাড়ানো গেলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র- দৈনিক সমকাল অনলাইন।
Reporter Name 


















