স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির মালিক নাজিম শেখের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত নাজিম শেখ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত নাজিম শেখ সোনাতলা পৌরসভার আগুনিয়াতাইড় গ্রামের মৃত মোঃ আব্দুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সোনাতলা পৌর এলাকার মাষ্টারপাড়া সংলগ্ন রেললাইনের পাশে একটি বাড়িতে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই গৃহবধূ গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করেন। কয়েকদিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন তার বাবা-মা কাজের জন্য বাইরে গেলে তিনি বাড়িতে একা ছিলেন। এ সময় বাড়ির মালিক নাজিম শেখ ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ভুক্তভোগীর বড় বোন ও ভগ্নিপতি বাড়িতে ফিরে অভিযুক্তকে দেখতে পান। তাদের উপস্থিতি টের পেয়ে নাজিম শেখ ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা প্রায় তিন বছর ধরে নাজিম শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। মামলার বাদী জানান, ঘটনার দুই দিন আগে ভুক্তভোগীর স্বামী তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। তবে তিনি তখন স্বামীর সঙ্গে যাননি। পরে বিষয়টি তার স্বামীকে জানানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে নাজিম শেখের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Reporter Name 

















