সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুর গ্রামে সরকারি সড়ক বেদখলের অভিযোগ উঠেছে। বেদখলকৃত সড়কটি অবমুক্তকরণের দাবিতে মঙ্গলবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার,থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন গড়চৈতন্যপুর গ্রামবাসীর পক্ষে মোঃ জামাল হোসেন।
এসময় গড়চৈতন্যপুর গ্রামের ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে সোনাতলা পৌরসভার গড়চৈতন্যপুর গ্রামের বাসিন্দারা ওই গ্রামের আমজাদ হোসেনের বাড়ি হতে আব্দুর রশিদের জমি পর্যন্ত ৩ শ’ ফুট রেকর্ডীয় সড়ক ব্যবহার করে আসছিল। হঠাৎ করে কিছুদিন আগে গড়চৈতন্যপুর গ্রামের মৃত সোনা মিয়া মোল্লার ছেলে মোঃ গোলাম মোস্তফা মুংলু ও মৃত সরফ উদ্দিনের ছেলে মোঃ শফিকুল ইসলাম সড়কটি বন্ধ করে নিজেদের বসতবাড়ি নির্মাণ করেন। ফলে গড়চৈতন্যপুর গ্রামের প্রায় ১ শ’টি পরিবার চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির মুখে পড়েছে।আরো উল্লেখ করেন এতে করে গ্রামের প্রায় ২শ’ একর জমির ফসল পরিবহণে বিড়ম্বনায় পড়েছে গ্ৰামবাসী।
ভুক্তভোগীরা অবৈধভাবে সড়ক জবরদখল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সোনাতলা উপজেলা নির্বাহী স্বীকৃতি প্রামানিক জানিয়েছেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সোনাতলা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, বিষয়টি আমলে নিয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 


















