স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় সনাতন ধর্মাবলম্বীদের ১৬ প্রহর লীলারস কীর্তনযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার দিগদাইর ইউনিয়নের মহিচরণ দক্ষিণপাড়া হরি মন্দির প্রাঙ্গণে গ্রামবাসীর আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত প্রখ্যাত কীর্তন শিল্পীরা রাধা-গোবিন্দের লীলা ও হরেকৃষ্ণ মহামন্ত্রের কীর্তন পরিবেশন করেন। কীর্তন শুনতে বিভিন্ন এলাকা থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সমাগম ঘটে।
ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি একপর্যায়ে মিলনমেলায় পরিণত হয়।কীর্তন পরিবেশনের সময় ভক্তদের অনেকেই ধর্মীয় ভাবাবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ অশ্রুসিক্ত নয়নে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশ।
জুমারবাড়ি এলাকার শ্রী উৎপল কুমার সাহা বলেন,সনাতনীদের মুক্তির লক্ষ্যে হরেকৃষ্ণ মহামন্ত্রের যজ্ঞ, রাধা-গোবিন্দের লীলাকীর্তন এবং ভক্ত সংঘই মানবজীবনে মুক্তির পথ।আয়োজক কমিটি জানায়, এবার তাদের ১৭তম অধিবেশন।
গত ১৩ সেপ্টেম্বর রোববার গীতা পাঠ, গঙ্গা আবাহন ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ অধিবাস শুরু হয়। আগামী ১৬ই সেপ্টেম্বর বুধবার ভোরে নগর পরিক্রমা ও কুঞ্জভঙ্গ এবং দুপুরে শ্রীমন্মহাপ্রভুর ভোগ উৎসব অনুষ্ঠিত হবে। ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এবারের ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন শ্রী অন্তর মহন্ত, শান্তি রানী, শ্রী প্রেমানন্দ হালদার, সুপ্রিয়া সরকারসহ বিভিন্ন জেলার কীর্তন শিল্পীরা।
Reporter Name 


















