স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার শিচারপাড়া বুলজান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর ইসলাম।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. আমিনুর ইসলামকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
সভাপতির দায়িত্ব পাওয়ার পর মো. আমিনুর ইসলাম বলেন, বিদ্যালয়ের সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগতসহ সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সমন্বিত সহযোগিতায় বিদ্যালয়টিকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন।
এদিকে নতুন এডহক কমিটি অনুমোদনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
Reporter Name 


















