স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশ ও চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—দীঘলকান্দি দক্ষিণপাড়ার মৃত আফতাব প্রাংয়ের ছেলে মো. সবুজ মিয়া, হিন্দুকান্দির মো. জহুরুল ইসলামের ছেলে নয়ন মিয়া ওরফে হিরন মিয়া, জোড়গাছা নতুনপাড়ার মৃত জহুরুল ইসলামের ছেলে মো. ওয়াজেদ হোসেন (৪৬), নারচী দক্ষিণপাড়ার মো. আশরাফুল ওরফে মহাব্বতের ছেলে মো. জিম, নিজবলাইপাড়ার মোহাম্মদ আলী প্রাংয়ের ছেলে মাহবুর রহমান লিটন এবং কাহালু উপজেলার মাটিহাস মালঞ্চা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মো. আব্দুর রহিম (৩১)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চারজনের বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট রয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে পলাতক মাদক ব্যবসায়ী হিসেবেও উল্লেখ করেছে পুলিশ। এছাড়া মাহবুর রহমান লিটনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের সাজা দেওয়া হয়েছে।
অভিযান শেষে আটক সবাইকে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জুয়া ও অন্যান্য অপরাধ সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং অপরাধ দমনে জনগণের সহযোগিতা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 


















