ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাদক, জুয়া, অনলাইন জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল ওসির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।
গত কয়েকদিন ধরে ‘One News 71’ নামের একটি ফেসবুক পেজ থেকে ওসিকে জড়িয়ে বিভিন্ন পোস্ট ও ভিডিও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব কনটেন্টের কিছু অংশ খণ্ডিত বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, মাদক ও অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব। কেউ অপপ্রচার চালালেও দায়িত্ব পালনে তিনি পিছপা হবেন না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
থানায় যোগদানের পর মাদক, জুয়া, হত্যা ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দায়িত্ব পালনে অবদানের জন্য বগুড়া পুলিশ সুপারের পক্ষ থেকে তিনি একাধিকবার বিশেষ পুরস্কার পেয়েছেন বলেও সূত্রটি জানায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও ওসির পক্ষে মত দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করা উচিত নয়।
এদিকে, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 


















