স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র বিতরণ, অতিদরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা এবং শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষা, কৃষি, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীরা পান, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দুই প্রান্তিক কৃষকের মধ্যে তেল মাড়াই মেশিন বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ১৮ জন শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এ ছাড়া ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া ৭৫ জন শিক্ষার্থী এবং ৮২ জন প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষককে পুরস্কার দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১৮ জন অতিদরিদ্র ব্যক্তির প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে মোট ১ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শওকত আলী, সোনাতলা থানার ওসি কবির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















