আল আমিন মন্ডল, বগুড়া: বগুড়ার গাবতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মরহুম সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা এলাকায় দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে গ্রীন কলাকোপা এষ্টেটের উদ্যোগে আজাদ মঞ্জিলে মরহুম সিরাজুল হক তালুকদার দান তহবিল থেকে ২৪ জন অসচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে ছয় শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, নগদ অর্থ ও মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি, কবর জিয়ারত ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরহুম সিরাজুল হক তালুকদারের ছেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ-এর ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যক্ষ ফজিলাতুন নেছা, ড. তাজমেরী এস. এ ইসলামসহ পরিবারের সদস্যরা।
এ সময় সাবেক এমপি লালুর জ্যেষ্ঠ ছেলে মো. সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, কনিষ্ঠ ছেলে ও দৈনিক উত্তর কোণ-এর সম্পাদক এবং বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার সহধর্মিণী তাহরিমা আফরিন তমা এবং সন্তান সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, ১৯৫৩ সালে বগুড়া জেলা বোর্ডের সদস্য এবং ১৯৬৫ সালে বগুড়া জেলা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৪৮ সাল থেকে টানা ২৫ বছর বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি আজীবন বাংলাদেশ রেডক্রস সোসাইটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তর কোণ-এর উপদেষ্টা সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালুর পিতা।
এদিকে, মরহুম সিরাজুল হক তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দয়রামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Reporter Name 


















