বগুড়া প্রতিনিধি: সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ নয় দফা দাবি মেনে না নিলে এক দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাইয়ের সনদ বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নয় দফা দাবি মেনে নেওয়া হলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবিগুলো বাস্তবায়ন না হলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে মতামত জানিয়েছে বলে তিনি দাবি করেন। জুলাইয়ের আন্দোলনে প্রাণ হারানো মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠিত হলেও জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
নিত্যপণ্য, জ্বালানি ও সেবা খাতের সংকটের প্রসঙ্গ তুলে তিনি সরকারের সমালোচনা করেন। তার ভাষ্য, সার, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য ও সংকট নিয়ে সাধারণ মানুষ চাপে রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভারসাম্য নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৪ সালের আন্দোলনে চাকরির অধিকার ও বৈষম্যবিরোধী দাবিতে তরুণদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সাধারণ মানুষ ও পরিবারের নিরাপত্তা নিয়ে যেন কাউকে উদ্বেগের মধ্যে থাকতে না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
লং মার্চ প্রসঙ্গে তিনি বলেন, এবারের কর্মসূচি ঢাকা থেকে রংপুর অভিমুখে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে পঞ্চগড় থেকে ঢাকামুখী লং মার্চের কর্মসূচি হতে পারে বলেও তিনি জানান। কোনো ধরনের চাপ বা হুমকিকে গুরুত্ব না দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে লং মার্চের গাড়িবহর সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে বগুড়ার চান্দাইকোনায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। বিকেল ৪টার দিকে বহরটি বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে পৌঁছালে সেখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বগুড়া থেকে শতাধিক গাড়ি লং মার্চের বহরে যুক্ত হয়।
জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লং মার্চে অংশ নেন। মাটিডালি বিমান মোড়ের কর্মসূচি শেষে গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।
Reporter Name 


















