স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৯ নম্বর কামালের পাড়া ইউনিয়নে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্ভাব্য তিন প্রার্থীর নাম আলোচনায় এলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইউনিয়নের বারকোনা এলাকায় কামালের পাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় দলীয় প্রার্থী বাছাইয়ের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা, স্থানীয় পর্যায়ে দলীয় সম্পৃক্ততা, তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং দলের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে আলোচনা হয়। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও সাংগঠনিক সক্রিয়তার বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনজনের নাম উঠে আসে। তারা হলেন—সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন, ৯ নম্বর কামালের পাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশিদ এবং একই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান (মুহুরী)।
সভায় তিন সম্ভাব্য প্রার্থী নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে উপস্থিত নেতাকর্মীরা প্রার্থী বাছাইয়ের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। এ সময় তৃণমূলের মতামত, দলীয় কর্মসূচিতে সক্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ৭ নম্বর হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর আলী সরকার, ৫ নম্বর কচুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান আলী, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিসুর রহমান আনিস, মো. মোহাম্মদ জুয়েল, মো. শামীম মণ্ডল ও মো. আলাউদ্দিন মণ্ডল।
এ সময় সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও বোনারপাড়া সরকারি কলেজ শাখার সাবেক সদস্যসচিব মো. সোহেল রানাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা, স্থানীয় পর্যায়ে সম্পৃক্ততা ও দলীয় কর্মসূচিতে সক্রিয়তার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
তারা আরও বলেন, প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দলের শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
তবে সভায় তিনজনের নাম আলোচনায় এলেও কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। দলীয় সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর একক চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।
সুলতান আহম্মেদ 


















