মুহাম্মাদ আবু মুসা- বগুড়ায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের পুনরায় পদায়নের সিদ্ধান্ত বাতিল এবং তাঁকে অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আইনজীবীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বগুড়া আদালত চত্বরে জেলা অ্যাডভোকেটস বার সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা বার সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মী ও আইনজীবীদের হয়রানি এবং বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল।
বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর তাঁকে বগুড়া থেকে বদলি করা হয়েছিল। সম্প্রতি তাঁকে আবারও বগুড়ার একই আদালতে পদায়নের আদেশ দেওয়া হয়েছে। বুধবার তাঁর নতুন করে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
মানববন্ধনে জেলা বার সমিতির জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে এর আগে বগুড়া থেকে বদলি করা হয়েছিল। এরপর একই স্থানে তাঁকে পুনরায় পদায়নের কারণ আইনজীবীদের কাছে বোধগম্য নয়।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। আইনজীবীরা পুনঃপদায়নের সিদ্ধান্ত বাতিল করে তাঁকে অন্যত্র বদলির দাবি জানান।
Reporter Name 

















