সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার (সাঘাটা), গাইবান্ধা- গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ বিভিন্ন শিক্ষা-উপকরণ চুরির ঘটনায় এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সুজালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন তপন কুমার দেবনাথ (৩৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপুর এলাকার চেংটু দেবনাথের ছেলে।
পুলিশ জানায়, সাঘাটা থানায় দায়ের হওয়া মামলা নম্বর ২৪/১০৪-এর তদন্তের অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় তপন কুমার দেবনাথকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তার হেফাজতে থাকার তথ্যও পেয়েছে পুলিশ। তবে সাঘাটা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তপন কুমার দেবনাথকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, রাউটারসহ গুরুত্বপূর্ণ শিক্ষা-উপকরণ চুরির ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়ের মূল্যবান সরঞ্জাম সুরক্ষায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
Reporter Name 













