স্টাফ রিপোর্টার- বগুড়ার সোনাতলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ খেলায় বুনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে সোনাতলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। খেলা দেখতে মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় চকসৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বুনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও সোনাতলা ফুটবল একাদশ অংশ নেয়।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয়। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় উভয় দল। একপর্যায়ে বুনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি একটি গোল করে এগিয়ে যায়। পরে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বুনাতলা।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ব্যতিক্রমী আয়োজন হিসেবে বিজয়ী ও পরাজিত দলকে একটি করে ছোট ছাগল এবং বিজয়ী দলকে অতিরিক্ত একটি বড় ছাগল পুরস্কার হিসেবে দেওয়া হয়। বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পুরস্কার তুলে দেন। ব্যতিক্রমী এ পুরস্কার দর্শকদের মধ্যে বাড়তি আনন্দের সৃষ্টি করে।
খেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আহসান হাবিব মোহন। ম্যাচের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা এ কে এম আহসানুল হাবীব রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহমুদ হোসেন তৌফিক, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন ও শফিকুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ।
খেলায় ধারাভাষ্য দেন রফিকুল ইসলাম ও রাশেদ মিয়া। ম্যাচ চলাকালে বড়িয়াহাট বাজারের সুরধনী জুয়েলার্সের প্রচার ব্যানারও মাঠে দেখা যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুশান্ত চন্দ্র কর্মকারকে এ সময় মাঠে উপস্থিত থাকতে দেখা গেছে।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
Reporter Name 














