বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ৫০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বাঁশের খুঁটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টিটু মিয়ার বিরুদ্ধে। এতে মসজিদে যাতায়াত, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, অসুস্থ রোগী পরিবহন ও কৃষিজমিতে চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিগদাড়ী গ্রামের ওই পথটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষ চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। সম্প্রতি জমিসংক্রান্ত বিরোধের জেরে রাস্তাটিতে বাঁশের খুঁটি স্থাপন করে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে আশপাশের অন্তত ২০টি পরিবার চলাচলে সমস্যার মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা লেবু মিয়া অভিযোগ করেন, টিটু মিয়ার ভাইয়ের জমি তাঁকে না দিয়ে অন্য এক প্রতিবেশীকে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে টিটু মিয়া পুরোনো রাস্তাটি বন্ধ করে দিয়েছেন বলে তাঁদের দাবি।
ভুক্তভোগীদের ভাষ্য, বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি উপস্থিত না হওয়ায় সমস্যাটির সমাধান হয়নি। ফলে প্রতিদিনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে মুসল্লি, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে রোগী বহনের ক্ষেত্রে ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, তিনি বিষয়টি লোকমুখে জানতে পেরে টিটু মিয়াকে দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাস্তাটি খুলে দিতে বলেছিলেন। তবে এখনো রাস্তাটি খুলে দেওয়া হয়নি বলে জানান তিনি।
অভিযুক্ত টিটু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য না দিয়ে চলে যান। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের ব্যবহৃত পথ বন্ধ থাকায় তাঁদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। তাঁরা দ্রুত বিষয়টি তদন্ত করে রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানেরও দাবি জানিয়েছেন।
Reporter Name 
















