গাবতলী প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে এক মাদ্রাসাশিক্ষকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছেন এক কলেজছাত্রী। প্রায় পাঁচ মাস আগে তাঁদের মধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হলেও পরে বরপক্ষ বিয়ে করতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামের। ওই কলেজছাত্রীর নাম তারমিম আক্তার (১৮)। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের গজারিয়া গ্রামের দুধ ব্যবসায়ী তারাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত ইনসান আলী একই ইউনিয়নের প্রথমারছেও গ্রামের হোসেন আলীর ছেলে এবং হোসেনপুর মাদ্রাসার সহকারী শিক্ষক।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে তারমিমের বাড়িতে চার লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। রেজিস্ট্রির পর কনেপক্ষের অর্থে বিয়ের প্রয়োজনীয় কেনাকাটাও করা হয় বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে ইনসান আলী ও তাঁর পরিবারের সদস্যরা বিয়েতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ।
এরপর বিয়ের দাবিতে গত ২৪ অক্টোবর থেকে ইনসান আলীর বাড়িতে অবস্থান নেন তারমিম। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ অক্টোবর রাতে পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনায় বসে। তবে সেখানে কোনো সমাধান হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কলেজছাত্রী ইনসান আলীর বাড়িতেই অবস্থান করছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
Reporter Name 
















