ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে সান্তাহার পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জয় পেয়ে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি অর্জন করে সদর ইউনিয়ন পরিষদ দল। রানারআপ সান্তাহার পৌরসভা দল পায় ট্রফি ও ২০ হাজার টাকার প্রাইজমানি।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
সদর ইউনিয়ন পরিষদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অন্যদিকে, সান্তাহার পৌরসভার পক্ষে পুরস্কার গ্রহণ করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও নাজিম উদ্দীন।
এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শাহিনুর ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ৫ অক্টোবর একই মাঠে আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
এম আব্দুর রাজ্জাক 
















