সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের ভেলুরচক গ্রামের মৃত কোমের উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৫) এবং সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া গ্রামের মৃত দেলা বেপারির ছেলে আমিনুর রহমান (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে গোসাইবাড়ী গ্রামের বাসিন্দারা বরেন্দ্র প্রকল্পের একটি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে কয়েকজনকে বৈদ্যুতিক খুঁটিতে উঠতে দেখেন। পরে স্থানীয়রা তাঁদের ধরতে এগিয়ে গেলে কয়েকজন পালিয়ে যান। এ সময় দুইজনকে আটক করা হয়। খবর পেয়ে সারিয়াকান্দি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে স্থানীয়দের হাতে আটক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 

















