স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলায় ডেঙ্গুর সংক্রমণ এবং শীতজনিত শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। নভেম্বর মাসের প্রথম ২৭ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। একই সঙ্গে শীতের তীব্রতা বাড়তে থাকায় শিশু ও বয়স্কদের মধ্যে হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড ও শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি হাসপাতালের একজন চিকিৎসকও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।
চিকিৎসকদের মতে, ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা সাধারণত দিনের বেলায়, বিশেষ করে সকাল ও বিকেলে বেশি সক্রিয় থাকে। তাই শুধু রাতে নয়, দিনের বেলাতেও মশার কামড় থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, ড্রাম ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, শীতের প্রভাবে হাঁপানি ও শ্বাসকষ্টে আক্রান্তদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এ সমস্যায় বেশি ঝুঁকিতে রয়েছেন। ঠান্ডা বাতাস, ধুলাবালি ও ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়ে যেতে পারে। এ ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল রেজোয়ান শাথীল জানান, নভেম্বর মাসে এ পর্যন্ত ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। পাশাপাশি হাঁপানি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদেরও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া উচিত।
সোনাতলা সংবাদ ডেস্ক 















