সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে আমিজা খাতুন (৪৬) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ ঘরের বিছানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিজা খাতুন মোকামতলা উপজেলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। নিঃসন্তান আমিজা আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি ছোট মুদি দোকান পরিচালনা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আমিজার টিনের ঘরের পশ্চিম পাশের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও তিনি দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের মনে সন্দেহ দেখা দেয়। তাঁকে খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তাঁরা।
পরে ঘরের পশ্চিম পাশের সিঁধ কাটা অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন প্রতিবেশীরা। সেখানে বিছানার ওপর আমিজার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁর মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আমিজার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তাঁকে বালিশ ও কাঁথা দিয়ে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, নিহতের গলায় কালো দাগ দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 














