নিজস্ব প্রতিবেদক, সোনাতলা- বগুড়ার সোনাতলায় তিন পিস ইয়াবাসহ তৌফিকুর রহমান মিশু (২৭) নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামে তাঁর নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইশরাত জাহানের নেতৃত্বে অভিযানে ইন্সপেক্টর আসলাম ও একজন উপ-সহকারী পরিদর্শক অংশ নেন। এ সময় তৌফিকুর রহমান মিশুর কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিশু ওই গ্রামের তবিবর রহমান (মতুলুর) ছেলে। তিনি পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 
















