সোনাতলা সংবাদ ডেস্ক- বগুড়ার গাবতলীতে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আজিজুল (৩৬) নামে এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এএসএম তাসকিনুল হক এ রায় ঘোষণা করেন।
রায়ে পলাতক আসামি আজিজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তাঁর সাজা কার্যকর হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, গাবতলী উপজেলার নতুনপাড়া (উত্তরপাড়া কালি) এলাকার মোখছেদার রহমানের ছেলে আজিজুল ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ২৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা ও মারধর করেন বলে অভিযোগ করা হয়। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিজুল পালিয়ে যান। পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আদালতে মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোজাম্মেল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল জলিল আকন্দ।
সোনাতলা সংবাদ ডেস্ক 
















