এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি পুকুর থেকে কোরবান আলী (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের চা-বাগান এলাকার দারুল উলুম মাদরাসার উত্তর পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কোরবান আলী সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন কোরবান আলী। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি কোরবান আলীর বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, কোরবান আলী মাদকাসক্ত ছিলেন। তবে পুকুরে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সোনাতলা সংবাদ ডেস্ক 

















