স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষায় মাংস প্রক্রিয়াজাতকারী ও বিক্রেতাদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মাংস প্রক্রিয়াজাতকারী ও ব্যবসায়ীরা অংশ নেন।
প্রশিক্ষণে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদন, পশু জবাইয়ের নিয়ম, মাংস সংরক্ষণ এবং বিক্রির সময় পরিচ্ছন্নতা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় মাংস ব্যবসায়ীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী বাজারে তুলনামূলক কম দামে মাংস বিক্রি করায় নিয়ম মেনে ব্যবসা করা বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ী আব্দুস সাত্তার ও মানিক মিয়া।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হাসান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস বিক্রির জন্য প্রত্যেক বিক্রেতাকে হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে। পশু জবাইয়ের আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। কোনো অসুস্থ বা রোগাক্রান্ত পশু জবাই করা যাবে না। মাংস প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম বলেন, পশু জবাইয়ের আগে তার শারীরিক অবস্থা ও তাপমাত্রা পরীক্ষা করা প্রয়োজন। সুস্থ গরুর স্বাভাবিক তাপমাত্রা সাধারণত ১০১ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইট। গলাফোলা, ক্ষুরা ও জলাতঙ্কসহ সংক্রামক রোগের লক্ষণ রয়েছে এমন পশু জবাই করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত পশুর মাংস মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
বক্তারা বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করা শুধু মাংস ব্যবসায়ীদের দায়িত্ব নয়, এটি জনস্বাস্থ্য সুরক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি করতে হবে। পাশাপাশি বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যবিধি ও মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি করতে হবে।
তারা আরও বলেন, ভোক্তাদের নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগ, প্রশাসন ও মাংস ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. মোস্তফা কামাল, সাংবাদিক বিকাশ স্বর্ণকারসহ বিভিন্ন এলাকার মাংস বিক্রেতারা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদ ডেস্ক 

















