বিকাশ স্বর্ণকার, সোনাতলা: নতুন ধানের ঘ্রাণ, কৃষকের মুখে হাসি আর ঘরে ঘরে বাহারি খাবারের আয়োজন—এভাবেই বগুড়ার সোনাতলায় উদযাপিত হচ্ছে বাংলার চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব। নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গ্রামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজনের আপ্যায়ন, মাছের মেলা ও গ্রামীণ মিলনমেলায় ফিরে এসেছে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির আবহ।
বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা কাঁচি হাতে পাকা ধান কাটতে মাঠে নামেন। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী কৃষকেরা নতুন ধান কাটার আগে ক্ষেতের আইলে পূজা-অর্চনার মাধ্যমে ফসল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন ধান ঘরে এনে তা দিয়ে তৈরি করা হয় নানা রকম খাবার। নতুন চালের সঙ্গে মৌসুমি ফল ও দুধ মিশিয়ে পরিবারের সদস্যরা ভাগাভাগি করে নেন নবান্নের আনন্দ।
একসময় গ্রামবাংলায় নতুন ফসল ঘরে তোলার সবচেয়ে বড় উৎসব ছিল নবান্ন। হেমন্তের প্রথম দিন পহেলা অগ্রহায়ণকে ঘিরে কৃষকের ঘরে ঘরে চলত নানা আয়োজন। নতুন চালের সুগন্ধি ভাত, মাছ, শাকসবজি, পিঠাপুলি ও মৌসুমি ফল দিয়ে সাজানো হতো খাবারের আয়োজন। সামর্থ্য অনুযায়ী আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করে আপ্যায়ন করতেন কৃষকেরা। নলেন গুড়ের পায়েশ ও নতুন জলপাইয়ের আচার ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ।
নবান্নের আনন্দ শুধু খাবারের আয়োজনেই সীমাবদ্ধ থাকত না। ভোজ শেষে রাতে বিভিন্ন গ্রামে বসত জারি-সারি, কিচ্ছা ও কীর্তনের আসর। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মিলনমেলায় তৈরি হতো সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।
তবে সময়ের পরিবর্তনে নবান্ন উৎসবের অনেক পুরোনো অনুষঙ্গ এখন হারিয়ে যেতে বসেছে। আধুনিক জীবনযাত্রার প্রভাবে গ্রামীণ সাংস্কৃতিক আয়োজন কমে এসেছে। একসময় রাতভর গানের আসর ও গল্পের আসর জমলেও এখন সেই জায়গা অনেকটাই দখল করেছে মুঠোফোন ও প্রযুক্তিনির্ভর বিনোদন।
সোনাতলার মধুপুর গ্রামের প্রবীণ কৃষক বাদল পাল, চিল্লিপাড়ার পীযূষ রায় এবং কলেজ স্টেশন বটতলার আবুল কালাম আজাদ বাবুর সঙ্গে কথা বলে জানা যায়, সময়ের সঙ্গে নবান্নের খাবারের আয়োজনেও পরিবর্তন এসেছে। আগে নতুন চালের ভাত, মাছ ও শাকসবজি ছিল ভোজের প্রধান আকর্ষণ। বর্তমানে অনেক পরিবারে গরু, খাসি ও মুরগির মাংসসহ বিভিন্ন আধুনিক খাবার যুক্ত হয়েছে। তবে আয়োজনের ধরন বদলালেও নতুন ফসল ঘরে তোলার আনন্দ এবং অতিথি আপ্যায়নের রীতি এখনো ধরে রেখেছেন গ্রামাঞ্চলের মানুষ।
নবান্নকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। এর মধ্যে সোনাতলা পৌরসভার কানুপুর গ্রামের মাছের মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে। পছন্দের মাছ কিনতে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ।
বাঙালির দীর্ঘদিনের রীতি অনুযায়ী, মেলা থেকে কেনা মাছ দিয়ে তৈরি করা হয় নানা পদের খাবার। নবান্নের রাতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের নিমন্ত্রণ করে খাওয়ানোর প্রচলনও এখনো রয়েছে। অন্যদিকে নতুন শাড়ি পরে গ্রামের বধূরা এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। চলে গল্প-আড্ডা ও আনন্দ ভাগাভাগি।
সব মিলিয়ে নতুন ধানের ঘ্রাণ, ঐতিহ্যবাহী খাবার, মাছের মেলা আর মানুষের পারস্পরিক সম্প্রীতিতে সোনাতলার গ্রামীণ জনপদে নবান্ন উৎসব নিয়ে এসেছে এক অন্যরকম আনন্দ। সময়ের সঙ্গে আয়োজনের ধরন পাল্টালেও নতুন ফসলকে বরণ করে নেওয়ার এই ঐতিহ্য এখনো বাঙালির হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 

















