এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধি- নতুন ধানের ঘ্রাণ আর নানা আয়োজনে বগুড়ার আদমদীঘি উপজেলার হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম দিন বুধবার (১৮ নভেম্বর) উপজেলার প্রায় ৩৫টি গ্রামের সনাতন ধর্মাবলম্বী পরিবারে উৎসবটি পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন বাজারে বসে মাছের মেলা। মেলায় বড় আকারের নানা প্রজাতির মাছ কিনতে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা।
সনাতন ধর্মীয় রীতি ও পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে সকালে বাড়ির উঠানে তুলসী বেদীর সামনে নবান্নের আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন ধান, ধূপকাঠি, সিঁদুর, তামার পয়সা, শঙ্খ ও অন্যান্য উপকরণ দিয়ে পূজার আয়োজন করা হয়। পরিবারের একজন ছেলে নতুন ধান কেটে বাড়িতে নিয়ে আসেন। পরে কুলায় ধান ঝেড়ে নতুন চাল সংগ্রহ করা হয়। সেই চাল কলা ও বিভিন্ন ফলমূলের সঙ্গে মিশিয়ে পরিবারের সদস্যরা দেব-দেবতার উদ্দেশে নিবেদন করেন এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে নবান্নের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
দিনের আনুষ্ঠানিকতা শেষে রাতে নতুন চালের ভাত, মাছসহ নয় পদের তরকারি রান্না করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী পূর্বপুরুষদের নামে খাবার উৎসর্গ এবং বাস্তভিটা ও পুকুরে অন্ন নিবেদনের পর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে একসঙ্গে নবান্নের আনন্দ ভাগাভাগি করা হয়। স্থানীয়ভাবে এ আয়োজন ‘খোঁটা নবান্ন’ নামে পরিচিত।
এদিকে নবান্ন উৎসবকে ঘিরে বুধবার সকালে আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার, সান্তাহার মাছের আড়ৎ, নশরতপুর বাজার ও চাঁপাপুর বাজারসহ বিভিন্ন স্থানে বসে মাছের মেলা। মেলায় কাতলা, চিতল, রুই, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্প ও নদীর পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। পছন্দের মাছ কিনতে বাজারগুলোতে ক্রেতাদের পাশাপাশি উৎসুক দর্শনার্থীদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রাচীনকাল থেকেই নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নবান্ন উৎসব পালনের ঐতিহ্য চলে আসছে। কালের পরিক্রমায়ও সেই ঐতিহ্য ধরে রেখেছেন আদমদীঘির গ্রামাঞ্চলের মানুষ। নতুন ধানকে ঘিরে ধর্মীয় আচার, পারিবারিক মিলনমেলা ও মাছের মেলার মধ্য দিয়ে উৎসবটি গ্রামীণ সংস্কৃতির এক আনন্দমুখর আয়োজন হয়ে উঠেছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 

















