মুহাম্মাদ আবু মুসা, বগুড়া: বগুড়ায় ৪০টি ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে মোট ৭৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাবরক্ষক খায়রুল ইসলাম, কর্মকর্তা অষেত বর্মন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল অজিদসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ সময় বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে বলেই বিএনপি সরকারে থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সরকার ও জিয়া পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
সোনাতলা সংবাদ ডেস্ক 














