স্টাফ রিপোর্টার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় মাঠজুড়ে পাকা আমন ধানের সোনালি সমারোহ। নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে ব্যস্ত কৃষকেরা। তবে হঠাৎ বৃষ্টিতে সেই আনন্দে ছেদ পড়েছে। জমিতে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় ফসলের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে আকাশ মেঘলা থাকায় ধান শুকানো নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন কৃষকেরা।
নবান্নের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। অনেক কৃষক ধান কেটে জমিতে সারিবদ্ধভাবে সাজিয়ে কিংবা স্তূপ করে রেখেছেন। সাধারণত কাটা ধান ভালোভাবে শুকাতে চার থেকে পাঁচ দিন মাঠে রাখতে হয়। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে এসব ধান ভিজে গেছে। কোথাও কোথাও ধানের গোড়ার অংশ পানিতে ডুবে রয়েছে।
কৃষকদের আশঙ্কা, দীর্ঘ সময় ভেজা থাকলে ধানে অঙ্কুর গজাতে পারে। এতে ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বাজারমূল্য কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয়ের তুলনায় কম দাম পেলে লোকসানে পড়তে হবে তাঁদের।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে এখনো প্রচুর পাকা ধান কাটার অপেক্ষায় রয়েছে। কোথাও কাটা ধান জমিতে পড়ে আছে, আবার কোথাও বৃষ্টির পানিতে ভিজে আছে স্তূপ করে রাখা ধানগাছ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় ধান শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। এর মধ্যে মৌসুমে শ্রমিক সংকট থাকায় অনেক কৃষক সময়মতো ধান কাটতে পারছেন না। ফলে জমিতে পাকা ধান পড়ে থাকায় তাঁদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
সোনাতলা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৯০৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে আমনসহ বিভিন্ন ফসলের মোট ৩০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ৫ হেক্টর, মরিচ ১০ হেক্টর, আলু ৭ হেক্টর, সরিষা ৩ হেক্টর, ভুট্টা ৩ হেক্টর এবং মৌসুমি শাকসবজি ২ হেক্টর।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আক্রান্ত জমির ধান দ্রুত মাড়াই করে ফেললে ক্ষতির আশঙ্কা কম থাকবে। মেঘ কেটে রোদ উঠলে কৃষকেরা ধান শুকানোর সুযোগ পাবেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে রোদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 















