স্টাফ রিপোর্টার, বগুড়া- ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করার ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পেছনে ক্যারম খেলছিল গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন স্থানীয় মিশু (২১) নামের এক যুবক। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি।
এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু তাকে বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গালিব গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মিশু, বাবু ও জিসান নামে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতেই অভিযান চালানো হয়েছে। গালিবের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনাতলা সংবাদ ডেস্ক 
















