সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আল আমিন জনকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বগুড়া শহর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আল আমিন জনকে তাঁর বর্তমান পদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার খান্দার এলাকায় ধূমপানের দৃশ্য ভিডিও করাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিবের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় গালিবের মা ইয়াসমিন খাতুন বাদী হয়ে যুবদল নেতা আল আমিন জন, তাঁর ছোট ভাই জিসানসহ চারজনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী খান্দার পাসপোর্ট অফিস এলাকায় আল আমিন জনের বাবার ফুটপাতের দোকানে আগুন ধরিয়ে দেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, গালিব হত্যা মামলার প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে একজন স্কুলশিক্ষার্থীর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোনাতলা সংবাদ ডেস্ক 













