আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ভ্যান শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলার শ্রমিক সংগঠন ‘নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠনের উদ্যোগে ভ্যান শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মশালায় এলাকার শতাধিক ভ্যানচালক অংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন সোনাতলা থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম। কর্মশালা শেষে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বেলালের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, বগুড়া বার্তা ও প্রয়াস সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম, নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য’র উপদেষ্টা এম এম মেহেরুল, সভাপতি হারুনুর রশিদ ও সদর ইউপি সদস্য মুকুল হোসেন। বক্তারা কর্মশালায় আলোচিত বিষয়গুলো মেনে চলার উপর এবং দেশের প্রচলিত আইন মান্য করার উপর গুরুত্ব আরোপ করেন।
সর্বোচ্চ সড়ক দুর্ঘটনাকবলিত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে প্রতিবছর বেড়েই চলেছে দুর্ঘটনা। বাস-ট্রাক, কাভার্ডভ্যান, ও রেলে দুর্ঘটনার বিষয়গুলো নানা মাধ্যমে আলোচনায় আসলেও মানুষের জানার বাইরেই থেকে যায় সারাদেশে সর্বোচ্চ প্রচলিত কিছু যানবাহনের দুর্ঘটনার পরিসংখ্যান। আর সেগুলো হচ্ছে রিক্সা-ভ্যান ও বিদ্যুৎচালিত অটোভ্যানের দুর্ঘটনার পরিসংখ্যান। এ বাহনগুলোর চালকদেরও যে প্রশিক্ষণ দরকার সে ব্যাপারে দুর্ঘটনা নিয়ে আলোচনাকারীদের অনেকেই ততটা তৎপরও নন। সে ব্যাপারে রাষ্ট্রীয়ভাবেও নেই কোন উদ্যোগ। কিন্তু অবহেলিত সেই ভ্যান শ্রমিকদের সচেতন করতে, ট্রাফিক আইন সম্পর্কে ধারনা দিতে বগুড়ার সোনাতলায় অনুষ্ঠিত হলো ভ্যান শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ে কর্মশালা।
Reporter Name 


















